সন্ত্রাস দমনে ইস্পাতের প্রাচীর, ৪২তম প্রতিষ্ঠা দিবসে ব্ল্যাক ক্যাট কমান্ডোদের কুর্নিশ প্রধানমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি-র ৪২তম প্রতিষ্ঠা দিবসে সাহসিকতা ও পেশাদারিত্বের জন্য বাহিনীর জওয়ানদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, দেশের সুরক্ষা ও জাতীয় সম্পদ রক্ষায় ব্ল্যাক ক্যাট কমান্ডোদের তৎপরতা এবং অবিচল নিষ্ঠা প্রতিটি দেশবাসীকে গর্বিত করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কড়া নজরদারি এবং সংকটজনক পরিস্থিতিতে রুখে দাঁড়ানোর ক্ষমতা দেশের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন, ধর্মেন্দ্র প্রধান এবং গুলাম নবি আজাদের মতো বিশিষ্ট রাজনৈতিক নেতারাও এই বিশেষ দিনে জওয়ানদের স্যালুট জানিয়েছেন। ১৯৮৬ সালে গঠিত এই বিশেষ বাহিনী দেশের যে কোনো সন্ত্রাসবাদী হুমকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকে। প্রতিষ্ঠা দিবসের এই মুহূর্তে দেশের সুরক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের শীর্ষ নেতৃত্ব।