সুপ্রিম কোর্টের বড় স্বস্তি, বিজয়ন পরিবারের দুর্নীতি তদন্তে স্থগিতাদেশ!
বার্তা ডেস্কঃ
২৭৮ কোটি টাকার সিএমআরএল-এক্সালজিক বেআইনি আর্থিক লেনদেন মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, তাঁর কন্যা বীণা এবং জামাই মহম্মদ রিয়াজ। শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার অবকাশকালীন বেঞ্চ এই দুর্নীতি মামলার তদন্তে সাত দিনের জন্য স্থগিতাদেশ জারি করেছে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি রিপোর্টের ভিত্তিতে বিজয়ন পরিবারের বিরুদ্ধে অর্থপাচার মামলায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ইডির নথিতে উল্লেখ রয়েছে, সরকারি খনি সংস্থা সিএমআরএল আইটি পরামর্শ পরিষেবার নামে বিজয়নের মেয়ের বন্ধ কো ম্পা নির অ্যাকাউন্টে ২ কোটি ৭৮ লক্ষ টাকা জমা করেছিল, যা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।
গত ৯ অক্টোবর কেরল হাই কোর্ট এই মামলায় বিজয়ন ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। হাই কোর্টের ডিভিশন বেঞ্চে রায় বিপক্ষে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। বুধবার শীর্ষ আদালত আবেদনকারীদের কেরল হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে ওই এফআইআর নির্দেশের বিরুদ্ধে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছে। এই সাত দিনের অন্তর্বর্তী নির্দেশের ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তকারী সংস্থা বিজয়ন বা তাঁর পরিবারের কাউকে গ্রেপ্তার করতে পারবে না। রাজনৈতিক মহলে এই মামলার আইনি লড়াই ঘিরে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে।