নারীরা পুরুষদের সম্পত্তি নয়! সংঘকে তুলোধুনো রাহুলের, সরব বিজেপি
বার্তা ডেস্কঃ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) ‘পুরুষ-সর্বস্ব’ ও ‘সংবিধানবিরোধী’ সংগঠন আখ্যা দিয়ে নজিরবিহীন আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, আরএসএস বিশ্বাস করে নারীরা নাকি পুরুষদের সম্পত্তি। পাশাপাশি রাহুল দাবি করেন, তিনি নিজে ‘শিব-শক্তি’তে বিশ্বাসী এবং আরএসএস-এর মতাদর্শের সঙ্গে যুক্ত অনেক নারীও আজ তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। রাহুলের এই ক্ষুরধার মন্তব্যের পর রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয় এবং গেরুয়া শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে।
কংগ্রেস সাংসদের এই বিস্ফোরক বক্তব্যের বিরুদ্ধে কড়া জবাব দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। রাহুলের অজ্ঞতাকে তুলে ধরে তিনি জানান যে, আরএসএস-এর একটি নিজস্ব মহিলা শাখাও রয়েছে যা দেশজুড়ে অত্যন্ত সক্রিয়। সেখানে নারীরা পুরুষদের মতোই সমান গুরুত্ব ও মর্যাদার সঙ্গে কাজ করেন। রাজনৈতিক সমালোচনা করার আগে রাহুল গান্ধীকে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি বিধায়ক। রাম কদমের পাশাপাশি পদ্ম শিবিরের একাধিক শীর্ষ নেতাও রাহুলের এই দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কঠোর সমালোচনায় সরব হয়েছেন।