এসবিআই গ্রাহকদের তথ্য ফাঁস, আপনার অ্যাকাউন্ট কি নিরাপদ!
বার্তা ডেস্কঃ
ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাইবার হানার জেরে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার গ্রাহকের সংবেদনশীল তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে গিয়েছে। সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ‘সাইবারপালস৫৬’ প্রথম এই তথ্য প্রকাশ্যে আনে এবং এর নেপথ্যে ‘সিরিয়াসিম’ নামক হ্যাকার গোষ্ঠীর হাত রয়েছে বলে দাবি করে। হ্যাকারদের কাছে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, বাড়ির ঠিকানা, ঋণের আবেদন এবং প্রয়োজনীয় নথিপত্র রয়েছে।
ঘটনার চারদিন পর এসবিআই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের আশ্বাস দিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ঘটনার ফলে তাদের মূল কার্যক্রমের উপর কোনো প্রভাব পড়েনি। তবে বিশেষজ্ঞদের মতে, কেওয়াইসি তথ্য ফাঁস হওয়ার কারণে গ্রাহকদের সুরক্ষায় বড় ধরণের ঝুঁকি তৈরি হয়েছে এবং সাইবার অপরাধীরা এই সুযোগে প্রতারণা চালাতে পারে।