চোখ মুছিয়ে বললেন ‘শক্ত থাকো’, চোরবাগানে মৃত টগরের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী!
বার্তা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের মাধবডিহিতে চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনায় মৃত টগর বেজ ও তাঁর ১৪ বছরের ছেলে সন্দীপের পরিবারের বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন শুভেন্দু অধিকারী। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে গিয়ে মা ও ছেলের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। এদিন শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে মৃতার মেয়ের চোখের জল মুছিয়ে দেন তিনি। পাশাপাশি, পরিবারের পাশে থাকার এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে মৃতার স্বামী ও মেয়ে কান্নায় ভেঙে পড়েন। তাঁদের সান্ত্বনা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ১৯ বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে পরিবারের অভিভাবককে শক্ত হতে হবে। দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের ফিরিয়ে দেওয়া সম্ভব না হলেও সরকারের পক্ষ থেকে সবরকম দায়িত্ব পালন করা হচ্ছে বলে তিনি জানান। এই মর্মান্তিক ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও বিচারবিভাগীয় তদন্তের কথা উল্লেখ করে, মৃতার মেয়ের চাকরির জন্য বায়োডেটাও চাওয়া হয়েছে।