হালকা শীতের আমেজ শেষ, রাজ্যে কি ধেয়ে আসছে বড় দুর্যোগ!
বার্তা ডেস্কঃ
উৎসবের মরশুমে রাজ্যজুড়ে মনোরম আবহাওয়া ও হালকা শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। তবে এই স্বস্তি সাময়িক হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতল এলাকায় আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দ্বাদশীর দিন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমটি কতটা শক্তিশালী হবে বা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, সে বিষয়ে আবহাওয়াবিদরা এখনও নিশ্চিত নন। তবে আগামী মঙ্গলবার থেকে বঙ্গজুড়ে আবারও আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে পারে।
কলকাতাসহ বিভিন্ন জেলায় বর্তমানে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে এবং আকাশ মূলত পরিষ্কার রয়েছে। পুরুলিয়া ও আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে পারদ ইতিমধ্যেই কুড়ি ডিগ্রির নিচে নেমে এসেছে। তবে আগামী সপ্তাহ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া পাহাড়ি এলাকা যেমন দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াঙে দ্বাদশী থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর শেষ লগ্নে উপকূলবর্তী অঞ্চলসহ সমগ্র রাজ্যেই আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে।