চোরবাগান মণ্ডপে থ্রিডি স্ক্যান! রহস্যভেদে মাঠে সিট ও ফরেনসিক দল
বার্তা ডেস্কঃ
চোরবাগান বিপর্যয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশের গঠিত ছ’সদস্যের বিশেষ তদন্তকারী দল। মণ্ডপের নকশা, যাতায়াতের রাস্তার প্রস্থ এবং প্রবেশ ও প্রস্থানের পথ খতিয়ে দেখতে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে সিট ও ফরেনসিক বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদে মণ্ডপ রাখা সম্ভব না হওয়ায় থ্রিডি ক্যামেরার মাধ্যমে গোটা চত্বরের নিখুঁত স্ক্যান করে নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ভবিষ্যতে ঘটনার পুনর্নির্মাণে সাহায্য করবে। সিসি ক্যামেরা ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণের পাশাপাশি একটি রহস্যজনক ঘোষণাকে ঘিরে তৈরি হওয়া আতঙ্কও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
দুর্ঘটনার সময় মণ্ডপ থেকে মাইকে একটি ঘোষণা করা হয়েছিল বলে অভিযোগ, যেখানে মণ্ডপ ভেঙে পড়ার কথা বলে দ্রুত বাইরে বেরোনোর অনুরোধ জানানো হয়। এই ঘোষণা ঘিরেই অতিরিক্ত আতঙ্ক এবং হুড়োহুড়ির পরিস্থিতি তৈরি হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়ো এবং পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে গোটা ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ খোঁজার চেষ্টা চলছে। ইতিমধ্যেই এই চাঞ্চল্যকর ঘটনায় পুজো কমিটির দুই কর্তা সহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।