জন্মশতবর্ষে সলিল-স্মরণ: ‘সুর ও ছন্দে সলিল’-এর জাদুতে নস্টালজিক শহরবাসী

কিংবদন্তি সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে দক্ষিণ কলকাতার যোগেশ মাইম আকাদেমিতে আয়োজিত হলো এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। ‘মৌন মুখর কলাকেন্দ্র’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সুর ও ছন্দে সলিল’। সলিল চৌধুরীর বহুমুখী প্রতিভা ও তাঁর কালজয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই এই বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানের সূচনা হয় এক পরম মাধুর্যে। শিল্পী সুদীপ্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সলিল চৌধুরীর অন্যতম কালজয়ী গান ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ দর্শকদের এক নস্টালজিক আবহে ফিরিয়ে নিয়ে যায়। কেবল গান নয়, সলিল চৌধুরীর বাংলা ও হিন্দি ছবির বিখ্যাত গানের তালের সঙ্গে তাল মিলিয়ে পরিবেশিত হয় অসাধারণ নৃত্যশৈলী। বিভিন্ন নৃত্য সংস্থার শিল্পীরা তাঁদের সুনিপুণ মুদ্রায় কিংবদন্তি এই স্রষ্টার সুরের বিচিত্রতাকে ফুটিয়ে তোলেন।

কখনও ছিল বিরহী সুর, কখনও আবার গণসঙ্গীতের সেই দৃপ্ত মেজাজ— সব মিলিয়ে যোগেশ মাইম আকাদেমির প্রেক্ষাগৃহ যেন এক টুকরো সলিল-ভুবনে পরিণত হয়েছিল। আধুনিক প্রজন্মের কাছে সলিল চৌধুরীর গানকে নতুন আঙ্গিকে পৌঁছে দেওয়ার এই প্রয়াস দর্শক মহলে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। আয়োজকদের মতে, সলিল চৌধুরীর সুর কোনো নির্দিষ্ট কালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং তা চিরন্তন।

প্রতিবেদক: স্বাধীন মানব দাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *