সল্টলেকের নামী রেস্তরাঁয় পচা খাবার, বাতিল লাইসেন্স!
বার্তা ডেস্কঃ
সল্টলেকের সিটি সেন্টার সংলগ্ন একটি নামী রেস্তরাঁয় অভিযান চালিয়ে ভয়াবহ দৃশ্য দেখলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। ফ্রিজ খুলতেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যেখানে রাখা পাঁঠা ও মুরগির মাংসে রীতিমতো ছত্রাক ধরে গিয়েছিল। তার সঙ্গেই মজুত ছিল মেয়াদ উত্তীর্ণ পনির এবং একাধিক অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী। এর আগে ওই রেস্তরাঁটির বিরুদ্ধে বিস্তর অভিযোগ থাকায় জরিমানা করা হয়েছিল, কিন্তু পরিস্থিতির বিন্দুমাত্র পরিবর্তন না হওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় অবিলম্বে লাইসেন্স বাতিল করে রেস্তরাঁটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ধারাবাহিক অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। পার্ক স্ট্রিট, গড়িয়াহাট থেকে শুরু করে সল্টলেক পর্যন্ত একাধিক নামী রেস্তরাঁয় হানা দিয়ে পচা মাংস, পোড়া তেলের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের ছবি সামনে এসেছে। জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক জানিয়েছেন যে অনিয়ম সংশোধন করে রিপোর্ট জমা দেওয়ার পর পুনরায় পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ করা হবে। এই কড়াকড়ির পরেও নামী প্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম শহরবাসীর স্বাস্থ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।