ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের স্টারলিঙ্ক ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

বার্তা ডেস্কঃ

কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক এবং তার সামরিক সংস্করণ স্টারশিল্ডের অপব্যবহার করে ইউক্রেন ভয়ংকর ড্রোন হামলা চালাচ্ছে বলে বিস্ফোরক দাবি করেছেন স্পেসএক্স কর্তা এলন মাস্ক। তাঁর অভিযোগ, পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে কিয়েভ এই প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনে স্টারলিঙ্ক সক্রিয় করে স্পেসএক্স। যুদ্ধের ময়দানে যোগাযোগ, সমন্বয় ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের কাজে সে দেশের সামরিক বাহিনী এই পরিষেবা ব্যবহার করে আসছে। সম্প্রতি স্টারলিঙ্কের গতি কমে যাওয়ায় ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কিয়েভের প্রচুর ক্ষয়ক্ষতি হয় এবং বিপুল মূল্যের ড্রোন নষ্ট হয়।

শনিবার বিষয়টি নিয়ে মুখ খুলে মাস্ক স্পষ্ট জানান যে স্টারশিল্ড একটি ভিন্ন ব্যবস্থা যা মার্কিন সরকার নিয়ন্ত্রণ করে এবং তারা কী করবে তা সম্পূর্ণ তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্বের অন্য যে কোনও বেসরকারি সংস্থার তুলনায় স্পেসএক্স ইউক্রেনের প্রতিরক্ষায় অনেক বেশি অবদান রেখেছে এবং যুদ্ধের শুরুর দিকে মস্কোর যোগাযোগ মাধ্যম ব্যাহত করে ইউক্রেনকে রক্ষা করেছিল। কিন্তু পরিষেবার শর্তাবলি লঙ্ঘন করে ড্রোন হামলা চালানোর জন্যই ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে বলে তিনি জানান। এদিকে শনিবার কিয়েভ দাবি করেছে যে দেশের অভ্যন্তরে স্টারলিঙ্ক পরিষেবা আবার সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *