রেলযাত্রায় বড় সুখবর, কাউন্টারের টিকিটেও মিলবে বিমা সুবিধা!

বার্তা ডেস্কঃ

আগামী ২৭ অক্টোবর থেকে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল। এতদিন মূলত আইআরসিটিসি-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটার সময় ভ্রমণ বিমা বেছে নেওয়ার সুযোগ থাকলেও, নতুন নিয়মে রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটলেও যাত্রীরা এই সুবিধা পাবেন। ট্রেনযাত্রার নিরাপত্তা বাড়ানো এবং অনলাইন ও অফলাইন টিকিট বুকিংয়ের মধ্যে সুবিধায় সমতা আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৩ সালের ওডিশা দুর্ঘটনার পর রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে চলতি মাসের ৬ তারিখে সুপ্রিম কোর্ট কাউন্টার থেকে বুক করা সমস্ত টিকিটের ক্ষেত্রেও বিমা কভার চালুর নির্দেশ দেয়। বর্তমানে অনলাইনে বিমার কভারে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া গেলেও কাউন্টার টিকিটের প্রিমিয়াম ও প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়। তবে অফলাইন যাত্রীদের সুরক্ষার স্বার্থে রেলের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *