টাকার বিনিময়ে সরকারি হাসপাতালের ডিউটি বিক্রি! স্বাস্থ্যমন্ত্রীর কড়া পদক্ষেপে চাঞ্চল্য

বার্তা ডেস্কঃ

রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতে ইন্টার্ন ডাক্তারদের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে ডিউটি বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। এমবিবিএস পাস করার পর থেকেই অনেকেই নিজেদের ডিউটির দায়িত্ব অন্যের হাতে তুলে দিচ্ছেন এবং এর বিনিময়ে মোটা অংকের টাকা লেনদেন হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে, রামের ডিউটিতে শ্যাম হাজির হয়ে রামের নামেই সই করছেন, যার ফলে সরকারি হাসপাতালে তৈরি হচ্ছে ভুরিভুরি ভুয়ো হাজিরার রেকর্ড। ডিউটি বদল ও লেনদেনের জন্য তৈরি হয়েছে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে ঘণ্টাপিছু ২০০ থেকে ২৫0 টাকা পর্যন্ত রেট চার্ট ঘোরাফেরা করছে।

এই বেনিয়ম রুখতে কড়া পদক্ষেপের হুশিয়ারি দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিগত তিন বছর ধরে বিভিন্ন মেডিক্যাল কলেজে এই প্রবণতা চলে আসছে এবং শুধু ইন্টার্নরাই নন, জুনিয়র ডাক্তারদের পাশাপাশি সিনিয়র রেসিডেন্ট ও হাউসস্টাফদের একাংশও এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজসহ একাধিক প্রতিষ্ঠানে ভাড়া করে লোক এনে ডিউটি করানোর অভিযোগও উঠেছে। তবে এখনই অভিযুক্তদের নিজেদের শুধরে নেওয়ার শেষ সুযোগ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *