পালাবদলের পরেও সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচার’! কাঠগড়ায় কারা?
বার্তা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটলেও সরকারি হাসপাতালগুলিতে ‘থ্রেট কালচার’ বা হুমকির সংস্কৃতি এখনও বন্ধ হয়নি বলে অভিযোগ তুলেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরাম’। রবিবারের এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্য দেবাশিস হালদার দাবি করেন, স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তোলায় আজও জুনিয়র চিকিৎসকদের ভয় দেখানো হচ্ছে এবং বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। অভীক ও বিরূপাক্ষর মতো বিতর্কিত নামগুলি আবারও সামনে আসছে উল্লেখ করে তিনি বলেন, সাসপেন্ড হওয়া ব্যক্তিরা পর্যন্ত প্রকাশ্যে মারধরের হুমকি দিচ্ছে এবং এই ঘটনার উপযুক্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সম্মিলিতভাবে লড়াই চালানোর হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে নমনীয় অবস্থান নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি চিকিৎসকদের নিজের ‘প্রাণের ও স্নেহের ভাই’ হিসেবে সম্বোধন করে জানান, স্বাস্থ্য ভবনের দরজা সবসময় তাঁদের জন্য খোলা রয়েছে এবং গঠনমূলক পরামর্শ শুনতে তিনি সব সময় প্রস্তুত। বিগত পঞ্চাশ বছরের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো রাতারাতি মাত্র পাঁচ মাসে সম্পূর্ণ ঠিক করা সম্ভব নয় বলে মন্তব্য করে তিনি বলেন, একা স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে সবকিছু রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তাই সরকারের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদেরও একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।