রবিবার হাওড়া স্টেশনে ট্রেন বাতিলের ধাক্কা, বদলে গেল ৪ এক্সপ্রেসের সময়সূচি!
বার্তা ডেস্কঃ
রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ট্রাফিক ব্লকের কারণে হাওড়া ডিভিশনের একাধিক শাখায় আগামী রবিবারে ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। রেল সূত্রের খবর অনুযায়ী, লিলুয়া, বেলুড়, ব্যান্ডেল, বর্ধমান এবং শ্রীরামপুর সহ বহু গুরুত্বপূর্ণ রুটে ঘণ্টার পর ঘণ্টা কাজ চলবে। এর ফলে একাধিক হাওড়া, ব্যান্ডেল ও বর্ধমান লোকাল সহ দীর্ঘ তালিকার দূরপাল্লার ও লোকাল ট্রেন সম্পূর্ণ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিকল্প পরিকল্পনা গ্রহণের অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি গুরুত্বপূর্ণ চারটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতেও আনা হয়েছে বড় পরিবর্তন। কবিগুরু, শান্তিনিকেতন, মা তারা এবং কয়লাক্ষেত্র এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক পরে রওনা দেবে। এ ছাড়া জয়নগর-হাওড়া এক্সপ্রেস এবং গোড্ডা-শিয়ালদহ মেমু সহ কয়েকটি ট্রেনকে যাত্রাপথেই বেশ কিছুক্ষণ আটকে রাখা বা নিয়ন্ত্রণ করা হবে। ফলে ছুটির দিনে যাতায়াত করতে গিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা। ভ্রমণের পূর্বে ট্রেনের সঠিক সময় তালিকা দেখে নেওয়া অত্যন্ত জরুরি।