মোদির বিরুদ্ধে খাড়গের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ!
বার্তা ডেস্কঃ
পাটনায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর ও বিতর্কিত মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক শ্রোতার কথা ভুল শুনে উত্তেজিত হয়ে তিনি আপত্তিকর মন্তব্যটি করে বসেন, যা নিমেষেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে। এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছে বিজেপি। বিহার, জম্মু ও বেঙ্গালুরুসহ একাধিক রাজ্যে বিরাট মিছিল বের করে গেরুয়া শিবিরের নেতা-কর্মীরা খাড়গের কুশপুতুল ও পোস্টার দাহ করেন। একইসাথে কংগ্রেস সভাপতির অবিলম্বে ক্ষমা প্রার্থনা ও পদত্যাগের দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।
কংগ্রেস সভাপতির এই মন্তব্যের কড়া সমালোচনা করে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং গোটা ভারতের অপমান। দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের প্রধানের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে তিনি মন্তব্য করেন। রাজনাথ সিং আরও অভিযোগ করেন যে, নিজেদের ভুল স্বীকার করে দুঃখপ্রকাশের পরিবর্তে কংগ্রেস দল খাড়গের বক্তব্যকেই সমর্থন দিয়ে চলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনকে সামনে রেখে খাড়গের এই বিতর্কিত বক্তব্য এবং তার জবাবে বিজেপির দেশব্যাপী আগ্রাসী আন্দোলন রাজনৈতিক পারদকে আরও বাড়িয়ে তুলেছে।