গাইঘাটায় পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা, এনকাউন্টারে খতম দুষ্কৃতী!
বার্তা ডেস্কঃ
উত্তর ২৪ পরগনার গাইঘাটায় চাঞ্চল্যকর এনকাউন্টারের ঘটনায় নিহত হয়েছেন এক ধর্ষণে অভিযুক্ত। গত রবিবার সকালে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ওই যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। সোমবার অপরাধের পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পর ফেরার পথে ঘটে এই নাটকীয় ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি থামিয়ে শৌচকর্মের বাহানায় নেমে হঠাৎই এক পুলিশকর্মীর রিভলবার ছিনিয়ে নেন অভিযুক্ত। এরপর পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। প্রাণ বাঁচাতে এক পুলিশকর্মী বাধ্য হয়ে পাশের পুকুরে ঝাঁপ দেন এবং আহত হন।
পরিস্থিতি বেগতিক দেখে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিতে অভিযুক্তের পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। দ্রুত তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নাবালিকা ধর্ষণ ও খুনের এই ঘটনায় পুলিশি হেফাজতে থাকাকালীন অভিযুক্তের এমন আকস্মিক আক্রমণ এবং তার জেরে এনকাউন্টারের এই পরিণতি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার জেরে নিরাপত্তা ব্যবস্থা এবং অভিযুক্তের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।