কোথায় রয়েছে বাস্তবের এই সত্যিকারের সোনার শহর!

বার্তা ডেস্কঃ

দুবাইয়ে কেবল সোনা দেখা বা কেনার দিন শেষ, কারণ এবার সরাসরি সোনার ওপর হেঁটে বেড়ানোর এক অভূতপূর্ব সুযোগ নিয়ে আসছে এই আরব শহর। চলতি বছরের শেষের আগেই ‘দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট’-এ চালু হতে চলেছে বিশ্বের প্রথম এবং দীর্ঘতম ২৪ ক্যারেটের ‘গোল্ড ওয়াকওয়ে’। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ঊর্ধ্বতন আধিকারিক রশীদ আল হারমুদি জানান, আগামী দু’-এক মাসের মধ্যেই এই সোনালি পথ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে। বাণিজ্যিক ও পর্যটন ক্ষেত্রকে আরও আকর্ষণীয় করতেই দেইরা এলাকার এই বিশেষ স্বর্ণাঞ্চলে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে, যেখানে ইতিমধ্যেই প্রায় এক হাজারেরও বেশি রত্ন ও সোনার নামজাদা বিশ্বমানের দোকান গড়ে উঠেছে।

সোনালি পথে রাজকীয় পরশ পাওয়ার পাশাপাশি দুবাই সফররত পর্যটকদের জন্য অপেক্ষা করছে আরও এক চমকপ্রদ বিশ্ব রেকর্ড। সম্প্রতি ২২ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ১৬.৫১৪ কিলোগ্রাম ওজনের ‘ময়ূরা সহস্র’ নামের একজোড়া সুবিশাল ঝুমকো বানিয়ে গিনেস বুকে স্থান করে নিয়েছে ‘জয়অলুক্কাস জুয়েলারি’। ভারতীয় ঐতিহ্যের আদলে তৈরি ময়ূরের নকশাদার এই অনন্য অলঙ্কারটি বিক্রি না করে স্থায়ীভাবে পর্যটকদের প্রদর্শনীতে রাখা হবে। কর্তৃপক্ষের তরফে ওয়াকওয়ে তৈরির মোট দৈর্ঘ্য বা খরচের সঠিক হিসাব গোপনীয় রাখা হলেও, ২০২৬ সালের বর্ষশেষে দুবাই সফরের রূপকথাকে বাস্তবে রূপ দিতে উদগ্রীব বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পর্যটক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *