হোটেল লিজ নিয়ে রক্তক্ষয়ী সংঘাত, গুয়াহাটিতে একই পরিবারের ৪ জনসহ ৫ জনকে নারকীয় হত্যা!
বার্তা ডেস্কঃ
আসামের গুয়াহাটির বরা সার্ভিস অঞ্চলে অবস্থিত ‘বিলাস ইন’ হোটেলে ঘটে গেল এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা। সম্পত্তি ও হোটেলের লিজ চুক্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র বিবাদের জেরে একই পরিবারের চারজন সদস্যসহ মোট পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন হোটেলের মালিক হেলেনা ভারালি, তাঁর ভাই, ছেলে, পুত্রবধূ এবং তাঁদের গাড়িচালক। সোমবার রাতে সংঘটিত এই ভয়াবহ হামলায় হোটেলের কেয়ারটেকার গুরুত্বর আহত হলেও বর্তমানে হাসপাতালে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। জনবহুল এলাকায় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড পুরো গুয়াহাটি শহরে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার খবর পাওয়ার পরপরই গুয়াহাটি পুলিশ দ্রুত অভিযানে নেমে মাত্র এক ঘণ্টার মধ্যে হোটেলটি লিজ নেওয়া প্রধান সন্দেহভাজন ঘনকান্ত গগৈকে আটক করেছে। অপরাধে ব্যবহৃত .৩২ বোরের লাইসেন্সপ্রাপ্ত পিস্তলটিও ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘদিনের লিজ সংক্রান্ত বিরোধের জেরে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। ঘটনার সমস্ত দিক গভীরভাবে খতিয়ে দেখতে পুলিশের বিশেষ দল বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিত তদন্ত শুরু করেছে। পুলিশ কমিশনার ড. পার্থসারথি মহন্ত জানান, আটক অভিযুক্তকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খুব দ্রুতই এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচিত হবে।