পুরনিয়োগ দুর্নীতিতে জোড়া অস্বস্তি! সুজিত ও রথীনকে ফের তলব ইডির, ৬ মে সম্পত্তির নথি তলব
পুরনিয়োগ দুর্নীতি মামলায় শাসকদলের অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দমকলমন্ত্রী সুজিত বসু এবং রাজ্যের আরেক মন্ত্রী রথীন ঘোষকে আগামী ৬ মে সিজিও কমপ্লেক্সে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সুজিত বসুকে সম্পত্তির নথি আনার নির্দেশ
ইডি সূত্রে খবর, শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে দেন যে, আগামী ৬ মে তাঁকে পুনরায় হাজিরা দিতে হবে। শুধু তাই নয়, ওইদিন অস্থাবর সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আসার কড়া নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রীকে। তদন্তকারীদের মতে, ওই সমস্ত নথি যাচাই করে দুর্নীতি মামলার আর্থিক লেনদেন এবং সম্পত্তির হিসেবের একাধিক জট খোলা হতে পারে।
একই দিনে ডাক পড়ল রথীন ঘোষেরও
দমকলমন্ত্রীর পাশাপাশি আগামী ৬ মে তলব করা হয়েছে মন্ত্রী রথীন ঘোষকেও। পুরনিয়োগ দুর্নীতির শিকড় ঠিক কতদূর ছড়িয়েছে এবং এর সাথে মন্ত্রী পর্যায়ের আর কারও সরাসরি যোগ রয়েছে কি না, তা জানতেই এই জোড়া তলব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভোটগণনা ও রাজনৈতিক টানাপোড়েনের আবহে একই দিনে শাসকদলের দুই মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির এই তলব রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, ৬ মে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে এই দুই মন্ত্রী তদন্তকারীদের সামনে কী তথ্য তুলে দেন।
প্রতিবেদক: স্বাধীন মানব দাস।