ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলার উপকূলে কি বড় বিপদের আশঙ্কা!
বার্তা ডেস্কঃ
অতি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে শক্তিশালী অর্ণব বর্তমানে উপকূলের দিকে এগিয়ে চলেছে, যার প্রভাবে অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ল্যান্ডফলের সময় এই ঝড়ের গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং স্থলভাগে আঘাত হানার একশো কিলোমিটারের মধ্যে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিভিন্ন উপকূলে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা জারি করে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
সদূর অন্ধ্রে আছড়ে পড়লেও এই শক্তিশালী ঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও, যার জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের সংলগ্ন সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সম্পূর্ণভাবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং প্রশাসন পুরো পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে।