দীপাবলির আগে সাবধান, নকল তবক চিনবেন কীভাবে!

বার্তা ডেস্কঃ

আর ক’দিন পরেই দীপাবলি ও ভাইফোঁটা। এই উৎসবের মরশুমে রসনাবিলাসের পাতে সাজানো থাকে কাজুর বরফি কিংবা হরেক রকমের সন্দেশ। মিষ্টির সৌন্দর্য বাড়াতে যে রুপোলি তবক ব্যবহার করা হয়, তা সবসময় আসল সিলভার পেপার হয় না। অনেক ক্ষেত্রেই রূপোর বদলে তাতে মেশানো থাকে অ্যালুমিনিয়াম, নিকেল, লেড বা ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতু। চিকিৎসকদের মতে, এই ভারী ধাতুগুলি শরীরে প্রবেশ করে ধীরে ধীরে জমা হতে পারে এবং ভবিষ্যতে ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকিও তৈরি করতে পারে। তাই উৎসবের আনন্দ অটুট রাখতে মিষ্টি কেনার সময় এই সমস্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।

মিষ্টির গায়ে লাগানো তবক আসল না নকল, তা বুঝতে আঙুলের সাহায্য নিতে পারেন। মিষ্টির উপর লাগানো সিলভার পেপারে হালকা করে আঙুল বুলিয়ে দেখলে যদি তা খাঁটি রুপো হয়, তবে তা গুঁড়ো হয়ে আঙুলে আটকে যাবে। অন্যদিকে, যদি সেটি অ্যালুমিনিয়ামের তৈরি হয়, তবে তা ভাঙবে না এবং হাতেও লাগবে না। তবক পরীক্ষা করার আরেকটি উপায় হলো, মিষ্টি থেকে সামান্য রাংতা তুলে আগুনে পুড়িয়ে দেখা। আসল রুপো হলে তা তাপের সংস্পর্শে কুঁচকে গিয়ে ছোট্ট বলের রূপ নেবে, কিন্তু ভেজাল থাকলে তা পুড়ে কালো বা বাদামি রঙের ছাই হয়ে যাবে। এছাড়া খোলা মিষ্টির বদলে প্যাকেটজাত মিষ্টি কেনার সময় FSSAI-এর লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের নাম ও মেয়াদ শেষের তারিখ ভালোভাবে দেখে নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *