চলন্ত ট্রেন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ, রেললাইনের পাশে মিলল প্রশান্ত কিশোরের ম্যানেজারের নিথর দেহ!
বার্তা ডেস্কঃ
জনসুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের ডিজিটাল মিডিয়া ম্যানেজার দেবপালিক গুপ্তার (৩১) রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার দুপুরে দুই সহযোগীর সঙ্গে রাঁচি-পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে সফর করার সময় আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর খাবার কিনতে প্যান্ট্রি কারের দিকে যাওয়ার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ মেলেনি। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পরও তাঁকে না পেয়ে উদ্বেগ বাড়ে সহযাত্রীদের মধ্যে। পরবর্তীতে রাঁচির শেষপ্রান্তে ঝাড়ওয়াডির কাছে রেললাইনের পাশ থেকে তরুণ এই ডিজিটাল মিডিয়া ম্যানেজারের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
দেবপালিকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে গিয়ে থাকতে পারেন, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য রাঁচির ‘রিমস’-এ পাঠানো হয়েছে। গত চার বছর ধরে প্রশান্ত কিশোরের দলীয় কাজের দায়িত্বে থাকা এই কর্মীর অকালমৃত্যুতে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জনসুরজ পার্টি। পুলিশ গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।