প্যারিসে কোন পথে পাকিস্তান, এফএটিএফ-এর ফাঁদে কি ফের বিপাকে ইমরানরা!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি শুরু করেছে ভারত। প্যারিসে আয়োজিত ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ-এর বৈঠকে সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতের শক্তিশালী তথ্যপ্রমাণ তুলে ধরবে নয়াদিল্লি। রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে ইসলামাবাদ কোনও কার্যকর পদক্ষেপ না করে তাকে খোলা ছাড় দেওয়ার বিষয়টি বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। ভারত মনে করে, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী সমস্ত পদক্ষেপই নিছক ভাঁওতা ছাড়া আর কিছু নয়।
প্যারিসে শুরু হওয়া এই প্লেনারি বৈঠকে যোগ দিচ্ছে দুই শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। ভারতের গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, মোস্ট ওয়ান্টেড জঙ্গি মাসুদ আজহার আফগানিস্তানে পালিয়ে যাওয়ার মিথ্যা দাবি করলেও সে আসলে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরে আইএসআই-এর কঠোর নিরাপত্তায় লুকিয়ে রয়েছে। পাকিস্তানের এই দ্বিমুখী নীতি ও মিথ্যাচার আন্তর্জাতিক মহলে ফাঁস করে সন্ত্রাসবাদে মদতদাতা এই দেশকে ফের এফএটিএফ-এর ধূসর তালিকায় ঢোকানোই এখন ভারতের মূল লক্ষ্য।