গণনায় গাফিলতি হলে হারাতে হতে পারে চাকরি, সরকারি কর্মীদের কড়া হুঁশিয়ারি কমিশনের

আগামীকাল সোমবার বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ভোটগণনাকে কেন্দ্র করে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন। গণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের সতর্ক করে দিয়ে কমিশন জানিয়েছে, দায়িত্ব পালনে কোনো প্রকার গাফিলতি বা অস্বচ্ছতা ধরা পড়লে কঠোর বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি চাকরি থেকে বরখাস্ত করার মতো চরম পদক্ষেপও নেওয়া হতে পারে। মূলত ত্রুটিমুক্ত ও স্বচ্ছ গণনা নিশ্চিত করতেই এই কড়া অবস্থান।

কঠোর নজরদারি ও শাস্তির বার্তা

কমিশন সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের কাজে বড়সড় গাফিলতি ধরা পড়ায় ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণনার দিনও কোনো ফাঁক রাখতে চাইছে না কমিশন। গণনাকর্মীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কমিশনের নির্দেশিকা ও গাইডলাইন অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ইচ্ছাকৃত ভুল বা নিয়ম লঙ্ঘনের প্রমাণ পেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

গণনাকেন্দ্রে নিরাপত্তার দুর্গ

সোমবারের গণনা নির্বিঘ্ন করতে রাজ্যের ৭৭টি গণনাকেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিয়োগ করা হয়েছে ১৬৫ জন কাউন্টিং অবজার্ভার এবং তাঁদের সহায়তায় থাকছেন অতিরিক্ত আরও বহু আধিকারিক। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় ৭৭ জন পুলিশ অবজার্ভার মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে, যাতে কোনো প্রকার জমায়েত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। স্ট্রংরুম থেকে ইভিএম বের করে গণনা শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *