দীপাবলির বক্স অফিসে বড় চমক, রামায়ণের সঙ্গে টক্করে কি করমুক্ত হবে বামাক্ষ্যাপা?
বার্তা ডেস্কঃ
এই দীপাবলির মরশুমে প্রেক্ষাগৃহে এক অনন্য সনাতনী উদযাপনে মাততে চলেছে বাঙালি দর্শক। একদিকে নীতেশ তেওয়ারির পরিচালনায় ভারতীয় সিনেমার ইতিহাসের সর্ববৃহৎ বাজেটের ছবি ‘রামায়ণ’, যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং রাবণের চরিত্রে অভিনয় করছেন যশ। অস্কারজয়ী ভিএফএক্স টিম এবং এআর রহমান ও হ্যান্স জিমারের মতো প্রখ্যাত সঙ্গীত পরিচালকদের সুরের ছোঁয়ায় নির্মিত এই মহাকাব্যিক ছবিটির প্রথম পর্ব মুক্তি পেতে চলেছে ৫ নভেম্বর। এর ঠিক পরদিনই মুক্তি পাচ্ছে এসভিএফ প্রযোজিত ও সায়ন্তন ঘোষাল পরিচালিত বাংলা ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। টেলিভিশনের পর এবার সেলুলয়েডের পর্দায় সব্যসাচী চৌধুরির অভিনয়ে তারাপীঠের প্রধান সাধকের আধ্যাত্মিক বিপ্লব ও মা তারার সঙ্গে তাঁর অলৌকিক সম্পর্কের অজানা গল্প ফুটিয়ে তোলা হবে, যাতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
ঐতিহাসিক ও মহাকাব্যিক এই দুই ভিন্ন ধারার ধর্মীয় ও সাংস্কৃতিক চরিত্রকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনুরাগী ও সাধারণ দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। ‘রামায়ণ’ ছবিটির টিকিট বুকিংয়ে আগেই করমুক্ত বা ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে। এবার দেখার বিষয়, বড় পর্দায় এই সনাতনী উদযাপনের আবহে ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবিটি নিয়েও রাজ্য সরকার একই রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে কি না। সব মিলিয়ে, নভেম্বরের এই উৎসবে বিশ্বমানের ভিউয়াল এফেক্টস সমৃদ্ধ রামায়ণ এবং বাংলার মাটির ভক্তিরসে ভিজতে প্রেক্ষাগৃহে ভিড় জমাবেন দর্শকেরা।