প্যাকেটবন্দি ফ্রোজেন সবজি খাচ্ছেন? অজান্তেই শরীরের বারোটা বাজাচ্ছেন না তো!

বার্তা ডেস্কঃ

ব্যস্ততার যুগে সময় বাঁচানোর চক্করে অনেকেই এখন প্যাকেটবন্দি ফ্রোজেন সবজির ওপর ভরসা রাখছেন। তবে প্রশ্ন হলো, টাটকা সবজির বিকল্প হিসেবে এই ফ্রোজেন খাবারগুলো আদৌ কতটা স্বাস্থ্যকর? বিশেষজ্ঞদের মতে, তরতাজা সবজির সঙ্গে এদের সরাসরি তুলনা চলে না। তবে এর স্বাস্থ্যগুণ সম্পূর্ণ ফুরিয়ে যায় না। প্যাকেটজাত সবজি কেনার আগে অবশ্যই প্যাকেটের লেবেল খুঁটিয়ে দেখা উচিত। এতে প্রিজারভেটিভ এবং সোডিয়ামের পরিমাণ কতটা রয়েছে, তা যাচাই করে তবেই কেনা উচিত, নতুবা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। পুষ্টিগুণ যাতে বজায় থাকে, সেই পদ্ধতি মেনেই এগুলি সংরক্ষণ করা হয়। তাই টাটকা সবজির অভাব থাকলে স্যুপ, পোলাও, পাস্তা বা চাউমিনের মতো খাবারে অনায়াসেই ফ্রোজেন সবজি ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণ তরকারি তৈরির ক্ষেত্রে এগুলি এড়িয়ে চলাই শ্রেয়।

বাজারের প্যাকেটবন্দি খাবারের ওপর নির্ভরতা কমাতে চাইলে ঘরেই খুব সহজে তা তৈরি করে নিতে পারেন। প্রথমে বাজার থেকে টাটকা সবজি কিনে ভালো করে ধুয়ে ছোট ছোট আকারে কেটে নিন। এরপর সেগুলি এয়ার টাইট কৌটো কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। রান্নার অন্তত ৩০ মিনিট আগে তা ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আনুন। বরফ সম্পূর্ণ গলে গেলে তবেই তা রান্নায় ব্যবহার করুন। এতে পুষ্টিগুণ বজায় থাকার পাশাপাশি খাবারের স্বাদও অটুট থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *