স্বামীর জন্য ব্রত রাখলেই কেন পিতৃতন্ত্রের বুলি? করবা চৌথ নিয়ে বিস্ফোরক দেবলীনা!
বার্তা ডেস্কঃ
মুসলিম পরিবারে বিয়ে এবং ধর্মান্ধদের কটাক্ষকে বুড়ো আঙুল দিয়ে বহুবার খবরের শিরোনামে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। তবে লক্ষ্মীবারে করবা চৌথের মরশুমে ব্রত পালন না করলেও, এই উৎসব ঘিরে চলা তরজায় কড়া অবস্থান নিলেন এই বঙ্গতনয়া। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী প্রশ্ন তুলেছেন, স্বামী শানওয়াজ শেখের জন্য সারাদিন জল না খেয়ে উপবাস করলেই কেন একশ্রেণির মানুষ সেটিকে পিতৃতন্ত্র বা নারীবাদের তকমা দিয়ে কটাক্ষ করবেন? বাঙালি সংস্কৃতিতে এই রীতির প্রচলন না থাকায় এবং সারাদিন নির্জলা উপবাস রাখা আসাম্ভব হওয়ায় তিনি নিজে ব্রত না রাখলেও, অন্যের উৎসবে জল ঢালার প্রবণতাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।
দেবলীনা স্পষ্টতই জানিয়েছেন, ভালোবাসা প্রকাশ এবং উৎসব উদ্যাপনের সম্পূর্ণ স্বাধীনতা প্রত্যেক দম্পতির নিজস্ব পছন্দ। মায়েরা যদি পরিবারের মঙ্গলের জন্য ব্রত রাখতে পারেন, তবে স্বেচ্ছায় স্বামীর দীর্ঘায়ু কামনা করলে তাতে দোষের কিছু নেই। অনেক স্বামীও আজকাল স্ত্রীয়ের সঙ্গে উপবাস করেন, যা পারস্পরিক ভালোবাসারই বহিঃপ্রকাশ। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা বলতে গিয়ে তিনি জানান, স্বামী শানওয়াজ প্রতিবারই তাঁকে উপবাসের কথা জিজ্ঞেস করেন এবং তিনি সন্তানকে স্তন্যপান করানোর কারণেই আপাতত এই ব্রত রাখতে পারছেন না। উৎসব নিয়ে অহেতুক রাজনৈতিক বা তাত্ত্বিক বিশ্লেষণ না করে প্রত্যেককে নিজের মতো করে ভালোবাসার উদ্যাপন করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন এই অভিনেত্রী।