শিয়ালদহে পচা মাছ-মাংসের রমরমা, কাঠগড়ায় ভাইরাল রাজুদা!
বার্তা ডেস্কঃ
শিয়ালদহ স্টেশন চত্বর ও এনআরএস হাসপাতাল সংলগ্ন খাবারের দোকানগুলিতে বাসি এবং ভেজাল খাবার বিক্রি রুখতে আচমকা কড়া অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। শনিবার সাতসকালে চালানো এই তল্লাশিতে বিভিন্ন দোকান থেকে বিপুল পরিমাণ বাসি মাছ, মাংস, সিঙারা, কচুরির ডাল ও পচা খাবার বাজেয়াপ্ত করে সঙ্গে সঙ্গেই ড্রেনে ফেলে নষ্ট করে দেওয়া হয়। খাবারের গুণগত মান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এবং সুরক্ষাবিধি লঙ্ঘনের দায়ে একাধিক দোকান মালিককে শো-কজ নোটিস ধরিয়েছেন পুর আধিকারিকরা। একই সঙ্গে ল্যাব টেস্টের জন্য সংগ্রহ করা হয়েছে বিভিন্ন খাবারের নমুনা।
সামাজিক মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় পকেট পরোটা বিক্রেতা ‘রাজুদা’-র দোকানেও হানা দেন পুরসভার আধিকারিকরা। পুরসভার দাবি, এনআরএস হাসপাতালের সামনে দোকান চালানো রাজুর কাছে পরোটা বিক্রির কোনো বৈধ লাইসেন্স ছিল না। তবে সারপ্রাইজ পরিদর্শনের পর রাজুদা দাবি করেন, প্রাথমিক ফ্লোর টেস্টে তাঁর তরকারি পাশ করেছে। পুজো মিটলেও দীপাবলি ও কালীপুজোর মরশুমে ভেজাল খাবারের দাপট রুখতে প্রশাসনের এই অভিযান আগামী দিনেও যে জারি থাকবে, তা স্পষ্ট করে দিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।