লৌহমানবের ১৫১তম জন্মজয়ন্তী, একতা নগরে ৪০০ কোটির ধামাকা উপহার!
বার্তা ডেস্কঃ
অখণ্ড ভারতের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় জাতীয় ঐক্যের এই প্রাণপুরুষকে স্মরণে রেখে দেশজুড়ে পালিত হচ্ছে ‘রাষ্ট্রীয় একতা দিবস’। প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে প্যাটেলকে “লৌহমানব” আখ্যা দিয়ে জানান, তাঁর ত্যাগ ও দূরদর্শিতা এক শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার পথে মূল অনুপ্রেরণা। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্যাটেলের সাহসিকতা ও দেশীয় রাজ্যগুলিকে একসূত্রে বাঁধার ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
এই বিশেষ উপলক্ষে গুজরাতের একতা নগরে আয়োজিত হয়েছে জমকালো অনুষ্ঠান। দু’দিনের গুজরাত সফরে গিয়ে প্রধানমন্ত্রী স্ট্যাচু অফ ইউনিটিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ৪০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এবারের রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডে সশস্ত্র মাওবাদী কার্যকলাপের অবসানের সাফল্য উদ্যাপনসহ প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য এবং হাজার হাজার শিল্পী অংশ নিচ্ছেন। ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ ট্যাবলো প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হচ্ছে এই ঐতিহাসিক দিনটি।