রবি ও সোমবারে স্তব্ধ হাওড়া ডিভিশন, বাতিল একগুচ্ছ ট্রেন!

বার্তা ডেস্কঃ

রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ ও ২ নভেম্বর হাওড়া ডিভিশনে ব্যাপক ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর রবিবার দিনভর ট্রাফিক ও পাওয়ার ব্লক কার্যকর থাকবে। এর ফলে হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, মেমারি, গোঘাট, কাটোয়া ও শিয়ালদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের অসংখ্য লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে। এমনকি ২ নভেম্বর সোমবার গোড্ডা থেকে ৬৩১৪২ নম্বর ট্রেনটিও বাতিল ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে ট্র্যাকের কাজের জেরে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত সূচিতেও বড়সড় বদল আনা হয়েছে। ১ নভেম্বর হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস দুই ঘণ্টা পিছিয়ে দুপুর ১২:৫৫ মিনিটে ছাড়বে। এ ছাড়া হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস এবং রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস ১ থেকে সোয়া ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে রওনা হবে। সপ্তাহান্তে হঠাৎ এই ট্রেন বাতিলের সিদ্ধান্তে হাজার হাজার নিত্যযাত্রী চরম ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *