অর্ণবের রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে নতুন বিপদ, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ!
বার্তা ডেস্কঃ
সবেমাত্র সাইক্লোন অর্ণবের দাপট কিছুটা কমেছে, তার মধ্যেই বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াতে শুরু করেছে নতুন একটি আবহাওয়া সিস্টেম। শনিবার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে, যা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ভারতের আবহাওয়া দফতর এবং স্যাটেলাইট চিত্রে এই অঞ্চলে কালো মেঘের ঘনঘটা ও বজ্রগর্ভ মেঘের সঞ্চার লক্ষ্য করা গেছে। এই সিস্টেমটির প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
মৌসম ভবনের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, নতুন এই নিম্নচাপটির সরাসরি কোনো বড় প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ার সম্ভাবনা নেই। তবে এর জেরে উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে এবং বুধবার থেকে আবহাওয়া শুকিয়ে যাবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।