অর্ধনগ্ন করে ঘোরানোর জঘন্য ঘটনা, কড়া পদক্ষেপের নির্দেশ মানবাধিকার কমিশনের!
বার্তা ডেস্কঃ
বেহালার সরশুনায় অভিযুক্তদের কোমরে দড়ি পরিয়ে, খালি পায়ে ও অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় ঘোরানোর ঘটনায় পুলিশের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে নোটিস পাঠিয়েছে তারা এবং আগামী দু’সপ্তাহের মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।
মানবাধিকার কমিশনের স্পষ্ট প্রশ্ন, পুলিশ ঠিক কোন আইনের ভিত্তিতে অভিযুক্তদের সঙ্গে এই ধরনের অমানবিক আচরণ করল? কমিশন জানিয়েছে, যদি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য সত্যি হয়, তবে পুলিশের এই পদক্ষেপ মানবাধিকারের ঘোরতর পরিপন্থী এবং চরম লঙ্ঘন।
উল্লেখ্য, গত রবিবার সরশুনায় এক তরুণ ও তাঁর নাবালিকা প্রেমিকার সাক্ষাতের ঘটনাকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ ছিল, নাবালিকার পরিবারের লোকজন ওই তরুণ, তাঁর বন্ধু এবং তরুণের বাবাকে বন্দুকের নল ঠেকিয়ে বিবস্ত্র করে রাস্তায় হাঁটায়। এরপর সরশুনা থানার পুলিশ নাবালিকার বাবা, মামা এবং তাঁদের এক বন্ধুকে গ্রেফতার করে। কিন্তু ঘটনার পুনর্নির্মাণের নাম করে পুলিশও ওই তিন অভিযুক্তকে শুধুমাত্র হাফ প্যান্ট পরিয়ে, কোমরে দড়ি বেঁধে প্রায় ১০০ মিটার এলাকায় ঘোরায় বলে অভিযোগ। পুলিশি হেফাজতে অভিযুক্তদের সঙ্গে এই ধরনের আচরণ নিয়েই এবার সরাসরি পুলিশ কমিশনারের কাছে জবাবদিহি চাইল জাতীয় মানবাধিকার কমিশন।