গণনার তথ্য প্রচারে ব্রাত্য তথ্য আধিকারিকরা, স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের বড় পদক্ষেপ

রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। গণনার খুঁটিনাটি তথ্য সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দেওয়ার দীর্ঘকালীন প্রথা বদলে দিয়ে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকদের (ডিআইসিও) এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এই ‘জরুরি’ নির্দেশিকাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

তথ্য আধিকারিকদের ভূমিকায় কাটছাঁট

সাধারণত জেলা ও মহকুমা স্তরের তথ্য আধিকারিকরাই গণনাকেন্দ্রে সাংবাদিকদের কার্ড প্রদান এবং প্রতি রাউন্ডের ফলাফল জানানোর যাবতীয় সমন্বয় করে থাকেন। কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী, রবিবার ও সোমবার (গণনার দিন) জেলা ও মহকুমা তথ্য আধিকারিকরা কোনোভাবেই সংবাদমাধ্যমকে ব্রিফিং করতে পারবেন না। এমনকি গণনাকেন্দ্রের মিডিয়া সেন্টারগুলিতেও তাঁদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরিবর্তে তাঁদের নিজেদের দপ্তরে থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব ডব্লিউবিসিএস আধিকারিকদের কাঁধে

তথ্য আধিকারিকদের বদলে এখন থেকে মিডিয়া সেন্টারের যাবতীয় তদারকি করবেন উচ্চপদস্থ ডব্লিউবিসিএস (WBCS-Exe) বা গ্রুপ ‘এ’ পদমর্যাদার প্রবীণ প্রশাসনিক আধিকারিকরা। প্রতিটি জেলার নির্বাচনী আধিকারিক বা জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করতে। বিশেষজ্ঞ মহলের মতে, গণনা প্রক্রিয়ায় তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে এবং কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক এড়াতেই শেষ মুহূর্তে অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিকদের হাতে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিল কমিশন। অত্যন্ত গোপনীয়তা ও জরুরি ভিত্তিতে কার্যকর করা এই সিদ্ধান্ত গণনার আগের মুহূর্তে জেলা প্রশাসনের অন্দরে এক নতুন সমীকরণ তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *