ইউক্রেনে পুড়ে ছাই ৪০০ কোটির ভারতীয় কারখানা! ধ্বংসস্তূপে পরিণত স্বপ্ন?
বার্তা ডেস্কঃ
একঝলক ডেস্ক:
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের রোষাণলে পড়ে এবার মারাত্মক ক্ষতির মুখে পড়ল একটি ভারতীয় সংস্থা। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতীয় মালিকানাধীন ‘কুসুম গ্রুপ’-এর একটি বিশাল ওষুধ কারখানায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ১৯৯৪ সালে রাজীব গুপ্তের হাত ধরে যাত্রা শুরু করা এই সংস্থাটি ২০০৯ সাল থেকে ইউক্রেনে নিজেদের কারখানায় ওষুধ উৎপাদন করে আসছিল। সম্প্রতি রাশিয়ার শাহেদ ড্রোনের আঘাতে কারখানাটির মূল ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে আনুমানিক ৪০০ কোটি টাকার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে আসা ভিডিও চিত্রে এলাকা জুড়ে কালো ধোঁয়ার বিশালাকার কুণ্ডলী দেখা যায়।
হামলার জেরে দুর্ঘটনাস্থলেই অন্ততপক্ষে একজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। স্থানীয় আধিকারিকদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারত, ইউক্রেন, উজবেকিস্তান ও কাজাখস্তানসহ প্রায় নয়টিরও বেশি দেশে ৫০টিরও বেশি জেনেরিক ওষুধ বিক্রি করা এই সংস্থাটি যুদ্ধকালীন পরিস্থিতিতেও তাদের উৎপাদন সচল রেখেছিল। তবে রাশিয়ার এই আকস্মিক ও শক্তিশালী ড্রোন হানায় কারখানাটির সার্বিক কার্যক্রম সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে।