রাজনৈতিক হিংসায় প্রাণ হারালে মিলবে সরকারি চাকরি! কারা পাবেন সুযোগ?
বার্তা ডেস্কঃ
রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এক নজিরবিহীন পুনর্বাসন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০১ সালের ১ জানুয়ারি বা তার পর থেকে রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজন যোগ্য ও নির্ভরশীল সদস্যকে সরকারি সংস্থায় গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে। মৃতের স্বামী, স্ত্রী, সন্তান কিংবা আইনত দত্তক নেওয়া সন্তান এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে পরিবারে ইতিপূর্বে কেউ ক্ষতিপূরণ হিসেবে সরকারি চাকরি পেয়ে থাকলে নতুন করে আর কেউ সুবিধা পাবেন না। একই সঙ্গে নতুন এই নিয়োগ প্রক্রিয়ার ফলে বিদ্যমান সরকারি পদগুলিতে কোনো প্রভাব পড়বে না, বরং বিশেষ অতিরিক্ত পদ তৈরি করেই এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
নির্ধারিত ‘ফর্ম-এ’ পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রসহ সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের কাছে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জমা দিতে হবে এফআইআর, চার্জশিট, আদালতের নথি, মৃত্যুর প্রমাণপত্র, সম্পর্কের প্রমাণ এবং ‘ফর্ম-ডি’-তে একটি হলফনামা। জেলা স্তরের স্ক্রিনিং কমিটি আগামী ৯০ দিনের মধ্যে আবেদন যাচাই করে সুপারিশ পাঠাবে স্বরাষ্ট্র দফতরে। যদি আবেদনকারী জেলা কমিটির সিদ্ধান্তে অসন্তুষ্ট হন, তবে সিদ্ধান্ত জানার ৩০ দিনের মধ্যে রাজ্য স্তরের কমিটির কাছে আপিল করতে পারবেন। সমস্ত আবেদনকারীর জন্য পুলিশ ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এ ছাড়া, চাকরি পাওয়ার পরও কর্মীকে পরিবারের অন্যান্য নির্ভরশীল সদস্যদের নিয়মিত ভরণপোষণের অঙ্গীকারপত্র প্রতি বছর দাখিল করতে হবে।