৩১ ডিসেম্বরের মধ্যে মিলবে সিএএ সার্টিফিকেট, বড় ঘোষণা শুভেন্দুর!

বার্তা ডেস্কঃ

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-র সমস্ত শুনানি প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য ব্যক্তিদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। বনগাঁর একটি জনসভায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব এবং অধিকার সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। পাশাপাশি, শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিন দিনের উচ্চপর্যায়ী বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে। সিএএ নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক ফায়দা তোলার জন্য সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বলেও তিনি তীব্র আক্রমণ শানান।

অনুষ্ঠানে মতুয়া সমাজের উদ্দেশে শুভেন্দু অধিকারী আরও জানান, সার্টিফিকেট প্রাপ্তির পর জানুয়ারি মাসেই নির্বাচন কমিশনের কাছে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন জানানো হবে। একই সঙ্গে, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যাতে অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি স্বাস্থ্য পরিষেবা তথা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পান, সেদিকেও কড়া নজর রাখা হবে। এই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী কার্যালয়ে একজন বিশেষ আধিকারিককে দায়িত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে তিনি স্পষ্ট করেন যে, কোনও নাগরিকই যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তার সম্পূর্ণ ব্যবস্থা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *