ধর্মতলার রাজপথে বিজেপির হুঙ্কার! মমতা ও বিরোধী জোটকে কড়া বার্তা নিতিন-শুভেন্দুর, পাখির চোখ পুরভোট
বার্তা ডেস্কঃ
দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের সমাবেশের পাল্টা হিসেবে কলকাতার রাজপথে শক্তি প্রদর্শন করল বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করা হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, রাজ্য নেতৃত্ব এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই পদযাত্রায় বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। ধর্মতলার শেষ সভা থেকে বিরোধী শিবিরের মিথ্যাচার ও অরাজকতার বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয় যে, দেশের মানুষ খুব শীঘ্রই বিরোধীদের এই অশুভ আঁতাতের যোগ্য জবাব দেবে।
ধর্মতলার এই মঞ্চ থেকেই নাম না করে তৃণমূল কংগ্রেস ও বিরোধী জোটকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, দুর্নীতি, তোষণ ও পরিবারবাদকে রক্ষা করতেই বিরোধীরা আজ একজোট হয়েছে। পাশাপাশি, আগামী দিনে কলকাতা ও হাওড়া পৌরনিগম নির্বাচনে বিরোধী শিবিরকে রাজনৈতিকভাবে পরাস্ত করার হুঁশিয়ারি দিয়ে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, নিতিন নবীন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে রাজ্যে অরাজকতার দিন শেষ হয়েছে এবং হারের হতাশায় ভুগতে থাকা বিরোধীদের দেশের জনগণও প্রত্যাখান করবে।