শাহরুখ খানের জন্মদিনে রহস্য ফাঁস, কীভাবে গড়লেন ১০ হাজার কোটির সাম্রাজ্য?
বার্তা ডেস্কঃ
ভারতীয় সিনেমায় শাহরুখ খান এক বিশাল নাম হলেও তাঁর সাফল্যের গল্প শুধু রুপোলি পর্দাতেই আটকে নেই। গত তিন দশকেরও বেশি সময় ধরে নিজের জনপ্রিয়তাকে তিনি বিনোদন, খেলাধুলা এবং কনজিউমার ব্র্যান্ডের ব্যবসায় সফলভাবে কাজে লাগিয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা এবং তিনিই এখন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা।
চলচ্চিত্রের বাইরে শাহরুখের ব্যবসার মেরুদণ্ড হলো রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং রেড চিলিজ ভিএফএক্স, যা বড় বাজেটের ছবিতে উন্নতমানের ভিজ্যুয়াল এফেক্টস প্রদান করে। পাশাপাশি, ২০০৮ সালে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স কেনার মাধ্যমে তিনি ক্রীড়াজগতে পা রাখেন এবং নাইট রাইডার্স গ্রুপের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট লিগেও নিজের ব্যবসা বিস্তার করেছেন। সিনেমা ও ক্রিকেটের পাশাপাশি লাক্সারি ব্র্যান্ড ডিয়াভোল, বিজ্ঞাপন এবং মুম্বইয়ের মন্নত সহ বিশ্বজুড়ে থাকা একাধিক মূল্যবান রিয়েল এস্টেটে বিনিয়োগ করে তিনি এই বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তুলেছেন।