সামশেরগঞ্জে সিআইডির এনকাউন্টারে চাঞ্চল্য! মাঠে নামল বিশেষ তদন্তকারী দল
বার্তা ডেস্কঃ
ধুলিয়ানে অভিযুক্ত সামাউল হকের মৃত্যু: তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ধুলিয়ানে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্ত সামাউল হকের মৃত্যুর ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই সিট গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি অজিত সিংহ যাদব।
রাজ্যের নির্দেশক্রমে সোমবারই সিট গঠনের নির্দেশিকা জারি করা হয়েছিল। মঙ্গলবার গঠিত এই বিশেষ দলে রয়েছেন ফরাক্কা এসডিপিও দিবেন্দু তামাং, সুতি থানার এসআই অভিজিৎ সরকার ও নিলেশ চন্দ্র সরকার, সামশেরগঞ্জ থানার এসআই মিঠুন হালদার এবং জঙ্গিপুর মহকুমা সার্কেল ইনস্পেক্টর স্বরূপ বিশ্বাস। তদন্তের সামগ্রিক দায়িত্ব থাকছে জঙ্গিপুরের সার্কেল ইনস্পেক্টর স্বরূপ বিশ্বাসের ওপর।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে অপহরণ ও খুনের ঘটনায় সামাউল হক প্রধান অভিযুক্ত ছিলেন। অভিযোগ, সুজিতকে হত্যার পর দেহ ফিডার ক্যানেলে ফেলে দেওয়া হয়েছিল। গত ২৭ অক্টোবর খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে সামাউল হকের মৃত্যু হয়। পুলিশের দাবি, হেফাজত থেকে পালানোর সময় এই ঘটনা ঘটে। তবে মৃতের পরিবারের অভিযোগ, এটি পুলিশের পরিকল্পিত এনকাউন্টার। হেফাজত থেকে পালানোর দাবিকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
এদিকে, পরিবারের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাউল হকের স্ত্রী রাজেদা খাতুন জানান, পুলিশ এখনও পর্যন্ত তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি বা তদন্তের বিষয়ে কোনো তথ্য দেয়নি। তিনি জানান, এখনও কোনো পাল্টা অভিযোগ দায়ের করা হয়নি। দুই নাবালক সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা রাজেদা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। অন্যদিকে, মানবাধিকার কর্মীরা নিহতের পরিবারের সঙ্গে দেখা করে আইনি সহায়তার আশ্বাস দিলেও, পরিবারটি এখনও আইনি পথে এগোনোর বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।