রাজ চক্রবর্তীর নাম ভাঙিয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন তরুণ, টলিউডে ফেরার নেশায় বড় বিপদ!
বার্তা ডেস্কঃ
এআই ব্যবহার করে প্রতারণা, সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে যুবকের খোয়া গেল ২ লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে এক নামী পরিচালকের কণ্ঠস্বর নকল করে প্রতারণার অভিযোগ উঠল। সিনেমায় নায়কের চরিত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক যুবকের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বাঁশদ্রোণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি নামী প্রযোজনা সংস্থার নামে ভুয়ো ফেসবুক পেজ তৈরি করে সাইবার প্রতারকরা এই জালিয়াতি চালায়। সেখানে ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি সিনেমা তৈরির বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপনের সূত্র ধরে এক যুবক যোগাযোগ করলে তাঁকে একটি মোবাইল নম্বর দিয়ে বলা হয় সেটি সংশ্লিষ্ট পরিচালকের। যুবক সেই নম্বরে ফোন করলে অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি পরিচালকের পরিচয়ে কথা বলেন। কণ্ঠস্বর হুবহু মিলে যাওয়ায় প্রতারকদের এআই কারসাজি বুঝতে পারেননি ওই যুবক।
অভিযোগ, অভিনয়ের সুযোগ দেওয়ার নামে প্রথমে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ সুমিতকুমার নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা নেওয়া হয়। এরপর ফটোশ্যুটের নামে অগ্রিম ৯২ হাজার টাকা দুটি আলাদা অ্যাকাউন্টে নেওয়া হয়। বিশ্বাস অর্জনের জন্য প্রতারকরা ওই যুবককে হোয়াটসঅ্যাপে প্রযোজনা সংস্থার ভুয়া রসিদ এবং জাল চুক্তিপত্র পাঠায়। পরে দ্বিতীয় পর্যায়ের শ্যুটের নামে আরও ৮৫ হাজার টাকা দাবি করা হলে যুবকের সন্দেহ হয়। কোনো টাকা না পাঠিয়ে তিনি দ্রুত বাঁশদ্রোণী থানায় অভিযোগ জানান।
লালবাজার সূত্রে জানানো হয়েছে, প্রতারকদের ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর ট্র্যাক করে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এআই প্রযুক্তির অপব্যবহার করে কণ্ঠস্বর ক্লোন করে এ ধরনের জালিয়াতি বাড়ছে, যা নিয়ে সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।