জনগণনার জেরে কি পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা! জেনে নিন নতুন সম্ভাব্য তারিখ
বার্তা ডেস্কঃ
জনগণনার ব্যাপক কর্মযজ্ঞের জেরে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচিতে বড় ধরণের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী বছর ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু করার প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। দেশজুড়ে জানুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত চলা বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ এবং জনগণনার এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক শিক্ষক যুক্ত থাকায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য স্কুলশিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের পরই নতুন এই সূচি কার্যকর হবে।
মাধ্যমিকের প্রস্তাবিত নতুন সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষাও ১৬ মার্চের পর থেকে শুরু করার কথা ভাবছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একসঙ্গে প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থী থাকায় জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা এবং সেমিস্টার পদ্ধতির সঙ্গে দিনক্ষণের সংঘাত এড়াতে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা যথারীতি জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শিক্ষা দফতরের চূড়ান্ত সবুজ সঙ্কেত মিললেই পরীক্ষার্থীদের জন্য নতুন ও চূড়ান্ত রুটিন প্রকাশ করা হবে।