থানায় এবার অত্যাধুনিক জিম, পুলিশের ফিটনেস বাড়াতে নজিরবিহীন উদ্যোগ!
বার্তা ডেস্কঃ
রাজ্য পুলিশের সামগ্রিক শারীরিক সক্ষমতা ও সহনশক্তি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এর অংশ হিসেবে রাজ্যের প্রতিটি থানায় সরকারিভাবে জিম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্য পুলিশ ডিরেক্টরেটের তরফে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত থানা এবং ইউনিটের সদর দফতরে এই আধুনিক ফিটনেস সুবিধা গড়ে তোলা হবে। সরকারি ই-মার্কেটপ্লেস বা ই-টেন্ডারের মাধ্যমে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এই দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যের নানা জেলা ও পুলিশ কমিশনারেটের অধীনস্থ ৫৭৬টি থানার জন্য জিম সরঞ্জাম বরাদ্দ করা হবে, যার প্রতিটির জন্য সর্বাধিক দুই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পুলিশ ইউনিট ও ব্যাটালিয়নের সদর দফতরের জন্য নির্ধারিত ৬৫টি জিমের ক্ষেত্রে মাথাপিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যয়সীমা স্থির করা হয়েছে। থানাগুলিতে সাধারণ ফিটনেস সরঞ্জামের পাশাপাশি ইউনিট হেডকোয়ার্টারগুলিতে মোটরচালিত ট্রেডমিল ও স্পিন বাইকের মতো উন্নত সরঞ্জাম রাখার পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট পুলিশ আধিকারিকদের এই জিমগুলির জন্য সঠিক স্থান চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যা পুলিশকর্মীদের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে।