নিজের ‘সেরা ছাত্রের’ কাছেই ফের পরাস্ত মমতা! ভবানীপুর জিতে মোদী-শাহর স্বপ্নপূরণ করলেন শুভেন্দু

কলকাতা: রাজনৈতিক গুরু বনাম শিষ্যের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হল শিষ্যেরই। নিজের হাতে গড়া ‘স্কুল অফ পলিটিক্স’-এর প্রাক্তন টপারের কাছে এবার সরাসরি যুদ্ধে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর নন্দীগ্রামের পর ২০২৬-এর ভবানীপুর—পরপর দুবার নিজের প্রাক্তন নেত্রীকে হারিয়ে বাংলার রাজনীতিতে ইতিহাস গড়লেন শুভেন্দু অধিকারী। মোদী-শাহ জুটির ‘অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ’ জয়ের যে দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আজ শুভেন্দুর হাত ধরেই তা পূর্ণতা পেল।
মমতার ‘সেরা ছাত্র’ই আজ ঘাতক
রাজনৈতিক মহলের একাংশ বরাবরই বলে এসেছেন, শুভেন্দু অধিকারী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রণকৌশলের সবথেকে মেধাবী ছাত্র। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বিশ্বস্ত ও প্রিয় সৈনিক হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু দলনেত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হওয়া এবং ভাইপোকে বাড়তি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে যে বিচ্ছেদের শুরু হয়েছিল, আজ তা পূর্ণতা পেল ব্যালট বক্সের লড়াইয়ে। যে কৌশলে একসময় মমতা সিপিএম-কে পরাজিত করেছিলেন, আজ সেই একই আক্রমণাত্মক মেজাজে শুভেন্দু হারালেন মমতাকেই।
শুভেন্দুর মাস্টারস্ট্রোক: হিন্দু ভোট ও ইকোসিস্টেম ভাঙা
বিজেপির এই অভাবনীয় জয়ের নেপথ্যে শুভেন্দু অধিকারীর সুপরিকল্পিত ছক কাজ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যে হিন্দু ভোটের মেরুকরণ বা কনসলিডেশন নিশ্চিত করা ছিল তাঁর প্রধান লক্ষ্য। একইসঙ্গে তৃণমূলের গত ১৫ বছরের ‘ইকোসিস্টেম’ ভাঙার জন্য তিনি যে রণকৌশল সাজিয়েছিলেন, তাতে ধরাশায়ী হয়েছে ঘাসফুল শিবিরের দাপুটে নেতারাও। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকা তৃণমূলের প্রভাব কমিয়ে বিজেপিকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে শুভেন্দুর ভূমিকা আজ অনস্বীকার্য।
এক বৃত্ত সম্পন্ন: নন্দীগ্রাম থেকে ভবানীপুর
২০২১ সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামান্য ব্যবধানে হারিয়েছিলেন শুভেন্দু। সেই জয় নিয়ে আইনি লড়াই এবং বিস্তর বিতর্ক থাকলেও, ২০২৬-এ খোদ মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুরে তাঁর এই জয় বুঝিয়ে দিল বাংলার মাটিতে ক্ষমতার রাশ এখন কার হাতে। গেরুয়া শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির শুরু ও শেষ—সবটাই এবার ইতিহাসের পাতায় স্থান নিতে চলেছে।
আজকের এই জয় কেবল একটি আসনের জয় নয়, বরং এটি ভারতের পূর্ব প্রান্ত দখলের লড়াইতে বিজেপির চূড়ান্ত সাফল্য। আর এই সাফল্যের কারিগর হিসেবে আজ জাতীয় রাজনীতিতে এক ধাক্কায় অনেকটা ওপরে উঠে এলেন শুভেন্দু অধিকারী।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।