প্রেমিকার লাশ ট্রাঙ্কে ভরে সারাদিন ঘুরল প্রেমিক!
বার্তা ডেস্কঃ
প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যার পর গাড়ির ডিকিতে দেহ নিয়ে সারাদিন শহরে ঘুরল ম্যানেজার
দেওরিয়া: উত্তর প্রদেশের দেওরিয়ায় এক তরুণী শিক্ষিকাকে খুনের পর তার দেহ গাড়ির ট্রাঙ্কে পুরে সারাদিন শহর ঘোরার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক স্কুল ম্যানেজারের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত বিজয় নিষাদকে গ্রেপ্তার করেছে।
নিহত তরুণীর নাম রানী বিশ্বকর্মা (২৬), তিনি গোরখপুরের ঝাঙা থানা এলাকার বাসিন্দা এবং একটি স্কুলের শিক্ষিকা ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাত সাড়ে আটটা নাগাদ রুদ্রপুর থানা এলাকার একটি ঝোপের মধ্যে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে স্কুলে রানী পড়াতেন, সেই স্কুলের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা বিজয় নিষাদের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল।
তদন্তকারী কর্মকর্তাদের দাবি, রানী দীর্ঘ দিন ধরে বিজয়কে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। ৩১ অক্টোবর সকালে এই নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি হয়। এরপর বিজয় ছক কষে রানীকে তাঁর সাদা ওয়াগনআর গাড়িতে তুলে নেন। মিঠাবেল গ্রামের কাছে নির্জন স্থানে গাড়ি থামিয়ে গাড়ির পেছনের আসনে বসেই শ্বাসরোধ করে ওই শিক্ষিকাকে খুন করেন তিনি।
অভিযোগ, খুনের পর দেহটি গুম করার উদ্দেশ্যে বিজয় তা গাড়ির ডিকিতে ভরে ফেলেন। এরপর সারাদিন সেই দেহ নিয়ে তিনি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। সন্ধ্যার পর রুদ্রপুর থানা এলাকার একটি নির্জন ঝোপের পাশে মৃতদেহটি ফেলে দিয়ে তিনি চম্পট দেন।
তদন্তে নেমে স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং স্থানীয় পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় বিজয় নিষাদকে গ্রেপ্তার করে। জেরায় সে অপরাধের কথা স্বীকার করেছে। তার দেখানো জায়গা থেকেই অপরাধে ব্যবহৃত গাড়ি, মৃতার এটিএম কার্ড এবং মোবাইল কভার উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম গাড়ি ও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।
দেওরিয়ার পুলিশ সুপার অভিজিৎ আর. শঙ্কর জানিয়েছেন, ধৃত বিজয়কে আদালতে পেশ করা হলে বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মৃতার পরিবার এই ঘটনায় আরও অনেকের যোগসাজশ থাকতে পারে বলে অভিযোগ তুলেছে, যা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।