২০২৭-এর মে মাসের মধ্যে রাজ্যে এক লক্ষ সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
বার্তা ডেস্কঃ
২০২৭ সালের মধ্যে ১ লক্ষ চাকরির লক্ষ্যমাত্রা সরকারের, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: ২০২৭ সালের ৮ মে-র মধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে অন্তত এক লক্ষ চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে সমবায় দপ্তরের নবনিযুক্ত ইনস্পেক্টরদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা করেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ৬৩ হাজার ৪৯৬টি শূন্যপদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে বা প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৬০ হাজার ৮৩৮টি পদই স্থায়ী ও নিয়মিত। বর্তমানে অর্থ দপ্তরে আরও বেশ কিছু শূন্যপদের ফাইল অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।
বিভিন্ন দপ্তরের নিয়োগের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, স্কুল স্তরে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে ৩৩ হাজার ৪০৯টি পদ, পুলিশ ও স্বরাষ্ট্র দপ্তরে ১২ হাজার ১৪৭টি নিয়মিত পদ এবং পঞ্চায়েত স্তরে ৭ হাজার ১১৯টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে আরও ৫ হাজার ৪০৯টি পদের নিয়োগ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিন সমবায় দপ্তরে দেড়শোরও বেশি ইনস্পেক্টরকে নিয়োগপত্র দেওয়া হয়।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, অতীতে নিয়োগে যে সমস্ত অনিয়ম ও ত্রুটি হয়েছিল, বর্তমান জমানায় তার পুনরাবৃত্তি হবে না। তিনি বলেন, “পিএসসি, এসএসসি এবং বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের মতো স্বশাসিত সংস্থাগুলি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। নিয়োগপ্রক্রিয়ায় সরকারের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ থাকবে না।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ‘রোজগার মেলা’র মডেল অনুসরণ করে নিয়োগের সুপারিশ আসার পর বড় অনুষ্ঠানের মাধ্যমে দ্রুত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার নীতি নিয়েছে রাজ্য সরকার। পূর্বতন সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজনৈতিক পরিবর্তন না হলে নিয়োগপ্রক্রিয়া থমকে থাকত এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত।
অনুষ্ঠানে উপস্থিত প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা এক লক্ষ চাকরির যে লক্ষ্যমাত্রা নিয়েছি, তা পূর্ণ করা আমাদের লিখিত দায়বদ্ধতা। সংখ্যাটা এর চেয়ে বেশি হতে পারে, কিন্তু কম হবে না।” এছাড়া সমবায় দপ্তরের বাকি শূন্যপদগুলি পুলিশ ভেরিফিকেশন শেষ হলেই ধাপে ধাপে পূরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।