দিল্লিতে টাকা দিলেই মেলে লোক, কলকাতায় পা রাখলেই মার! বিরোধীদের কড়া হুঁশিয়ারি অর্জুনের
বার্তা ডেস্কঃ
দিল্লিতে ইন্ডি জোটের বিক্ষোভ ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। রবিবার দিল্লির সেই বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী ও সুজন চক্রবর্তীদের উপস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে মন্ত্রী বলেন, বিরোধীদের জন্য দিল্লিতে আন্দোলন করা অত্যন্ত সহজ, কারণ সেখানে টাকা দিলেই এক হাজার টাকার বিনিময়ে লোক পাওয়া যায়। তাঁর দাবি, দিল্লিতে বিজেপি ছাড়া অন্য কোনও দলের মিছিল বের করার ক্ষমতা নেই এবং সেখানে শুধু ঝান্ডা ধরে খাওয়াদাওয়ার ব্যবস্থা করলেই লোক জোটে।
বিরোধীদের নিশানা করে অর্জুন সিং আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে, এরা দিল্লিতে সুবিধা পেলেও কলকাতায় এলে সাধারণ মানুষের হাতে মার খাবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই তাঁকে অনেকের সঙ্গে হাত মেলাতে হচ্ছে, তবে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে এগোতে দেবেন না। মন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা প্রদীপ্ত মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন যে, অর্জুন সিং নিজেও বিভিন্ন সময় বারবার নিজের রাজনৈতিক দল ও ঝান্ডা বদলেছেন।