১৬ বছর পর প্রতীক্ষার অবসান, মার্চেই নন্দীগ্রামে ছুটবে ট্রেন!
বার্তা ডেস্কঃ
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতি পেল নন্দীগ্রাম রেল প্রকল্প। ২০০৯-১০ সালে অনুমোদিত এবং তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সূচনা হওয়া ১৮.৫ কিলোমিটার দীর্ঘ দেশপ্রাণ-নন্দীগ্রাম প্রকল্পের কাজ জমি অধিগ্রহণ, অর্থসংকট ও রাজনীতির জটিলতায় এতদিন আটকে ছিল। সাম্প্রতিক উপনির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের পর নবগঠিত সরকার জমি হস্তান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আটকে থাকা এই নির্মাণকাজ পুনরায় শুরু করেছে। বহু প্রতীক্ষিত ১,০৩৩টি প্লটের সিংহভাগ জমি ইতিমধ্যেই রেলের হাতে তুলে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট জমি অধিগ্রহণের প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে।
বর্তমানে রেললাইনের জল নিষ্কাশনসহ মাটি ও পাথর সংগ্রহের কাজ জোরকদমে চলায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই নন্দীগ্রামবাসী ট্রেন পরিষেবার সুফল পেতে চলেছেন। স্থানীয়দের মতে, যোগাযোগ ব্যবস্থার এই ঐতিহাসিক রূপান্তর তাঁদের যাতায়াতকে অত্যন্ত সহজ ও সাশ্রয়ী করে তুলবে। কেন্দ্র ও রাজ্যের দীর্ঘদিনের আইনি ও প্রশাসনিক জটিলতা কাটায় অবশেষে নন্দীগ্রামে নতুন ভোরের আলো ফুটেছে।