২৪ ঘণ্টার বেশি আটক নয়! পুলিশের দাদাগিরিতে ইতি টানল সুপ্রিম কোর্ট

বার্তা ডেস্কঃ

 

আটকের মুহূর্ত থেকেই শুরু ২৪ ঘণ্টার কাউন্টডাউন: গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদন: যেকোনো ব্যক্তিকে আটকের মুহূর্ত থেকেই ২৪ ঘণ্টার সময়সীমা গণনা শুরু করতে হবে—এই মর্মে এক ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারবিভাগীয় নজরদারিতে (জুডিশিয়াল কাস্টডি) আনা বাধ্যতামূলক।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সংবিধানের ২২(২) অনুচ্ছেদ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ৫৬ নম্বর ধারা অনুযায়ী, কেবল গ্রেফতারের স্থান থেকে আদালতে পৌঁছানোর যাতায়াতের সময়টুকু ছাড়া অন্য কোনো অজুহাতেই এই সময়সীমা বাড়ানো যাবে না। নথিপত্র তৈরি বা প্রাথমিক জিজ্ঞাসাবাদের বাহানায় কাউকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বিলম্বে গ্রেফতার দেখানোর প্রবণতাকে আদালত কঠোরভাবে নাকচ করেছে। ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি ক্ষেত্রে আটকের সুনির্দিষ্ট সময় ও তারিখ পরীক্ষা করেই যেন পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয়।

ত্রিপুরায় এনডিপিএস (NDPS) আইনের অধীনে চার অভিযুক্তের জামিন সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই নির্দেশ দেয় শীর্ষ আদালত। ওই মামলায় দেখা যায়, ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায় চারজনকে আটক করা হলেও তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয় পরদিন সকাল ১১টায়। অর্থাৎ, আনুষ্ঠানিক গ্রেফতারের আগে প্রায় ১৮ ঘণ্টা তাঁদের বিচারবিভাগীয় নজরদারি ছাড়াই হেফাজতে রাখা হয়েছিল।

সুপ্রিম কোর্ট এটিকে সংবিধানের সরাসরি লঙ্ঘন বলে অভিহিত করেছে। এই যুক্তিতে ত্রিপুরা হাইকোর্টের আগের সিদ্ধান্ত খারিজ করে চার অভিযুক্তকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, পুলিশি হেফাজতে কোনো প্রকার অসাংবিধানিক বিলম্ব বা অত্যাচার রুখতে শীর্ষ আদালতের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *