এসআইআর চলাকালীনও ফর্ম ৬ জমা! সিদ্ধান্তে বড় বদল আনল কমিশন।
বার্তা ডেস্কঃ
এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই ফর্ম ৬ সংক্রান্ত বিতর্ক তৈরি হয়েছিল। নতুন ভোটারদের নাম তোলার জন্য এই ফর্মে বাবা-মা ও পূর্বপুরুষের নাম-সহ ডিক্লারেশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। দুই নির্বাচন কমিশনারের আপত্তি এবং তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে সেই সিদ্ধান্ত বদল করল কমিশন। বৃহস্পতিবার জানানো হয়েছে, বর্তমানে যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, সেখানে ফর্ম ৬ জমা দেওয়ার জন্য আর কোনো বাড়তি ডিক্লারেশন বা এসআইআর সংক্রান্ত তথ্য বাধ্যতামূলক নয়।
ভোটার তালিকায় নাম তোলার ফর্ম ৬-এ পরিবর্তন করার এক্তিয়ার একমাত্র সংসদের রয়েছে, এই যুক্তিতে প্রথম থেকেই আপত্তি তুলেছিলেন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশী। অনলাইন ফর্মের জে ও কে সেকশনে পূর্বসূরিদের তথ্য চাওয়া নিয়ে দেশজুড়ে প্রবল সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে এবং কমিশনারদের আপত্তিতে মান্যতা দিয়ে এসআইআর চলা রাজ্যগুলিতেও ডিক্লারেশন ছাড়াই ফর্ম ৬ গ্রহণের নির্দেশ কার্যকর করল নির্বাচন কমিশন।