২০০ কোটির জালিয়াতি মামলায় আদালতে বয়ান নোরার, বললেন ভারতে আছি শুধু ভিসার সূত্রে!
২০০ কোটির আর্থিক জালিয়াতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হয়ে নিজের বয়ান রেকর্ড করলেন বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে চলা এই মামলায় এর আগেও ইডি ও দিল্লি পুলিশের জেরার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সুকেশের দাবি ছিল, মরক্কোয় বাড়ি কেনার জন্য এবং বিলাসবহুল জীবনযাপনের উদ্দেশ্যে নোরাকে বহুমূল্য উপহার ও টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার জন্য নোরা তাঁকে উসকানি দিতেন বলেও অভিযোগ তুলেছিলেন সুকেশ।
শুক্রবার আদালতে হাজিরা দিয়ে নোরা জানান, তিনি মূলত টি-সিরিজের দেওয়া এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমেই ভারতে রয়েছেন। পাশাপাশি, ২০২০ সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ের একটি চ্যারিটি অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ এবং সুকেশের স্ত্রী লীনা মারিয়া পলুসের সঙ্গে সাক্ষাতের বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরেন অভিনেত্রী। নোরার দাবি, ওই অনুষ্ঠানের মাধ্যমেই প্রথম সুকেশের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল, তার আগে ব্যক্তিগতভাবে তিনি সুকেশকে চিনতেন না।